|

দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর গুচ্ছ গুচ্ছ লিচু বাগানের জেলা দিনাজপুর। উত্তর-দক্ষিণে লম্বালম্বিভাবে বিস্তৃত এ জেলার উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড়, দক্ষিণে গাইবান্ধা ও জয়পুরহাট, পূর্বে নীলফামারী ও রংপুর জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। লোকশ্রুতি অনুযায়ী, জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তাঁর নামানুসারেই রাজবাড়ীতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। ব্রিটিশরা এ অঞ্চল জয়ের পর ঘোড়াঘাট সরকার বাতিল করে একটি নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে তার নামকরণ করে দিনাজপুর। বাংলাদেশের সবচেয়ে পুরনো শহরগুলোর একটি দিনাজপুর। রাজশাহী বিভাগের বৃহত্তম অন্নপূর্ণা এ জেলা উত্তরবঙ্গের শস্যভান্ডার হিসেবে পরিচিত। পর্যটনের দিক দিয়েও দিনাজপুর এক আদর্শ জেলা। এখানে রয়েছে কান্তজিউ মন্দির, রামসাগর দিঘি, সীতাকোট বিহার, নয়াবাদ ও সুরা মসজিদ এবং স্বপ্নপুরীর মতো দর্শনীয় স্থান।
কেন এ ওয়েব পোর্টাল
একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহি প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে ই-গভর্নেন্স প্রবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। ই-গভার্নেন্স প্রবর্তনের মূল শর্ত অবাধ তথ্য প্রবাহ। সেই পথে একটি মাইলফলক জেলাভিত্তিক এই ওয়েব পোর্টাল। এ ওয়েব সাইট জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে যেমন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি তাদের সেবা প্রাপ্তি হবে সহজ, দ্রুত ও সাশ্রয়ী। এ ওয়েব সাইট থেকে জানা যাবে কোথায় কি কি সেবা কি নিয়ম/পদ্ধতিতে এবং কত সময়ে প্রদান করা হয়। এর ফলে নাগরিকের বিভিন্ন সেবা প্রাপ্তি কেবল সহজতর হবে না, প্রশাসনের গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতাও অনেকাংশে নিশ্চিত হবে। তথ্যের পাশাপাশি এই ওয়েব সাইটটি বিস্তৃত পরিসরে তুলে ধরেছে দিনাজপুরের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি, প্রাচুর্য আর সম্ভাবনা। জনগণের কাছে তাদের কাঙ্খিত সেবা পৌঁছে দিতে, সুশাসন প্রতিষ্ঠায় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের এ প্রয়াস।
|
|